সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
টিএম রেকর্ড শুরু থেকেই দেশের কয়েকজন অল্প পরিচিত সংগীতশিল্পীর পৃষ্ঠপোষকতা করছে। এটি খুবই ভালো উদ্যোগ। নয়তো এসব শিল্পী বড় পরিসরে কাজ করার সুবিধা পেতেন না। কিন্তু সেই গানগুলোতে শুরু থেকেই মডেল হিসেবে প্রাধান্য দেওয়া হচ্ছে ভারতীয় তারকাদের। এরই মধ্যে সানি লিওনি, নার্গিস ফাখরি, শেফালি জরিওয়ালা, ওয়ারিনা হুসেনসহ কয়েকজন বলিউড তারকা হাজির হয়েছেন তাদের গানে। বাদ যায়নি কলকাতার মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, ইয়াস দাশগুপ্তও। বাংলাদেশের শিল্পী যেমন, নীরব হোসেন, তমা মির্জা, শার্লিন হোসাইন, নিবিড়কেও মডেল হিসেবে কাস্ট করেছে তারা। দেশি আর বিদেশি শিল্পীর গানের সাড়ার দিকে লক্ষ করলে তেমন পার্থক্য নেই। বলতে গেলে ঐশীর গাওয়া সানি লিওনির ‘দুষ্টু পোলাপান’ ছাড়া দেশি মডেলদের নিয়ে করা গানগুলোই বেশি সাড়া ফেলেছে। সম্প্রতি টিএম রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছে তরুণ শিল্পী হাসিবের গান ‘চল রাতকে করি ভোর’। এতে মডেল হয়েছেন বাংলাদেশের র্যাম্প মডেল হিসেবে সুপরিচিত নিবিড় আদনান। সঙ্গে আছেন কলকাতায় অনিয়মিত হয়ে পড়া নায়িকা পূজা ব্যানার্জি। তবে এই গানটি টিএম রেকর্ডসের অন্য গানগুলোর তুলনায় ভালো সাড়া ফেলেছে। বরফের রাজ্যে নিবিড়-পূজার রসায়ন দর্শক পছন্দ করছে। ৬দিন আগে ইউটিউবে প্রকাশিত গানটি এরই মধ্যে ৩৯ লাখ ভিউ পেয়েছে। সেখানে বলিউড নায়িকা ওয়ারিনার গান ‘পিরিতির কারবার’ দুই মাসে মুক্তি পেয়ে ভিউ পেয়েছে ৩৪ লাখ। আর ৫ মাস আগে প্রকাশিত লুইপা ও বলিউড তারকা নার্গিস ফাখরির গান ‘হারিয়ে গেলাম’ ভিউ পেয়েছে মাত্র ২৬ লাখ।