রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কাজই হলো লুটপাট করা। কয়েকদিন আগে পদ্মা সেতুর জমকালো উদ্বোধন করেছে। কিন্তু ১০ হাজার কোটি টাকার এ সেতু তারা ৩০ হাজার কোটি টাকায় বানিয়েছে।
আজ শুক্রবার (২৯ জুলাই) লোডশেডিং ও জ্বালানি খাতে সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কিছুদিন আগে আওয়ামী লীগের নেতারা হাতিরঝিলে আতশবাজি ফুটিয়েছেন। সেখানে তারা বলেছেন, শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। কিন্তু এখন শহরে প্রতিদিন দুই তিন ঘণ্টা করে বিদ্যুৎ যায়। আর গ্রামে যখন বোরো মৌসুমে সবচেয়ে বেশি বিদ্যুতের প্রয়োজন সেসময় বিদ্যুৎ থাকে না। অথচ এই সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। এই টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে। পত্রিকায় এসেছে, ২০২১-২২ সালে বিদ্যুৎ খাতে লোকসান হয়েছে ২৮ হাজার কোটি টাকা।
বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। তারা সড়কের মাঝখানে বসে এবং আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এতে করে প্রেসক্লাবের সামনের সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করে। মহিলা দলের নেতাকর্মীরা হারিকেন নিয়ে বিক্ষোভ করেন।