সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
‘শামশেরা’ ছবিটিকে ঘিরে আকাশছোঁয়া প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু রণবীর কাপুর অভিনীত এই ছবিটি সিনেমাপ্রেমীদের ছিটেফোঁটা প্রত্যাশাও পূরণ করতে পারেনি। ১৫০ কোটি খরচ করে যশরাজ ফিল্মস এই ছবিটি নির্মাণ করেছিল। কিন্তু ‘শামসেরা’ ৩৭ কোটির মতো ব্যবসা করেছে। আর এজন্য দিনরাত এই ছবির পরিচালক করণ মালহোত্রাকে নেট দুনিয়ায় হেনস্তা করা হচ্ছে। ‘শামশেরা’কে ঘিরে নেট-জনতা রীতিমতো ধিক্কার জানাচ্ছেন। এ নিয়ে ছবির আরেক অভিনেতা সঞ্জয় দত্ত এক আবেগঘন পোস্ট করেছেন ‘একটা ছবি নির্মাণের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে থাকে। ‘শামশেরা’ নির্মাণের পেছনে আছে প্রচুর ঘাম আর চোখের জল। এ এক স্বপ্ন ছিল, যা আমরা পর্দায় নিয়ে এসেছিলাম। দর্শককে বিনোদন দেওয়ার জন্য ছবি নির্মাণ করা হয়।’ তিনি আরও লিখেছেন, ‘শামশেরাকে ঘৃণার মুখোমুখি হতে হচ্ছে। কিছু মানুষ ছবিটিকে না দেখেই বিরোধিতা করছেন। আর এটা অত্যন্ত ভয়ানক। মানুষ পরিশ্রমকে সম্মান করতে ভুলে গেছে।’ সঞ্জয় পরিচালক প্রসঙ্গে লিখেছেন, ‘চার দশকের এই দীর্ঘ ক্যারিয়ারে আমি যেসব দুর্দান্ত পরিচালকের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে করণ (মালহোত্রা) একজন। তিনি এমন সব চরিত্র উপহার দেওয়ার ক্ষমতা রাখেন, যা মানুষ দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখতে পারে। সফলতা বা অসফলতা আলাদা বিষয়। তবে আমি সব সময় তার পাশে আছি।’ ‘শামশেরা’ ছবিতে রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এ ছবিটি বক্স অফিসে ধরাশায়ী হলেও তার অভিনয়ের প্রশংসা হচ্ছে। এর আগে তাকে রাজকুমার হিরানির ‘সঞ্জু’ ছবিতে দেখা গেছে। এ ছবিটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। ‘সঞ্জু’ ৩৩০ কোটির বেশি ব্যবসা করেছিল। রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে হিট ছবি এটি। ‘শামশেরা’ ছবিতে রণবীরের বিপরীতে দেখা গেছে বাণী কাপুরকে।