বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ইউক্রেনে জোরদার হচ্ছে যুদ্ধের তীব্রতা। এবার রুশ নিয়ন্ত্রিত এলাকার কারাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ ইউক্রেনীয় যুদ্ধবন্দী নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন। এ বিষয়ে জাতিসংঘ ও রেড ক্রসের তদন্তের আহ্বান জানিয়েছে কিয়েভ।
ইউক্রেনের একটি কারাগারে ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধবন্দীদের নিহতের ঘটনায় একে অপরকে দুষছে মস্কো ও কিয়েভ। বন্দীদের মৃত্যুর ঘটনা তদন্তে জাতিসংঘ ও রেড ক্রসের কাছে আহ্বান জানিয়েছে ইউক্রেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মার্কিন নির্মিত হাইমার্স রকেট সিস্টেম ব্যবহার করে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের একটি কারাগারে হামলা করেছে ইউক্রেন।
রেড ক্রস জানিয়েছে, তারা কারাগারের আহত বন্দীদের সরিয়ে নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছে।
এ ছাড়া ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিন জানিয়েছেন, এই বিস্ফোরণের ঘটনায় তদন্তের কাজ শুরু হয়েছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এ ছাড়া কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো কিয়েভের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে কর্তৃপক্ষ।
দেশটির খারকিভ অঞ্চলের এক গমের ক্ষেতে হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ক্ষেতের বিশাল একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষকরা।
এরইমধ্যে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম শস্যবাহী জাহাজ বন্দর ছাড়ার অপেক্ষা করছে। ওডেসা বন্দর থেকে সংকেত পাওয়ার সাথে সাথেই রপ্তানির উদ্দেশে সমুদ্রে নামবে জাহাজটি। যুদ্ধ শুরুর পর লাখ লাখ টন শস্য আটকা পড়ে দেশটিতে। গত সপ্তাহে জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের মধ্যে শস্য রপ্তানিতে চুক্তি সই হয়।