সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
কোন ছবিতে একসঙ্গে কাজের রসায়ন নয়, বলিউডের দুই প্রজন্মের দুই সুপারস্টার অভিনেত্রীর ব্যক্তিজীবনের রসায়ন ভক্তদের মন কাড়ে। আলিয়া ভাট ক্যারিয়ারের শুরুতেই নিজের আইডল হিসেবে কারিনা কাপুরের কথা বলতেন। সময়ের সঙ্গে বদলে যায় মানুষে মানুষের রসায়নও। তেমনটাই ঘটেছে আলিয়া-কারিনার জীবনে। তার ক্যারিয়ারের কয়েক বছর পরই এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে পুরস্কার তুলে দেওয়ার সময় কারিনা বলেন, ‘এখন আমি বরং আলিয়ার ভক্ত।’
তুখোড় অভিনয় দক্ষতা দিয়ে আলিয়া এই অবস্থান তৈরি করতে পেরেছেন। আবারও এই জুটির রসায়ন দেখা গেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়ার অভিনয় থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়াসহ নানা প্রসঙ্গে মন্তব্য করেছেন কারিনা। অন্তঃসত্ত্বা হওয়ার পরও আলিয়া কাজ থেকে বিরতি নেননি, নিয়মিতই হাজির হচ্ছেন নিজের ছবির প্রচারে, যার সঙ্গে অনেকেই কারিনার মিল পাচ্ছেন। অন্তঃসত্ত্বা অবস্থায়ই র্যাম্পে হেঁটে চমকে দিয়েছিলেন কারিনা। তার কাছে জানতে চাওয়া হয়, ‘মাতৃত্ব নিয়ে আলিয়াকে কী পরামর্শ দেবেন?’ উত্তরে কারিনা বলেন, ‘ওর কোনো পরামর্শের প্রয়োজন নেই। আমার তো মনে হয়, এক দশকের অন্যতম সেরা অভিনেত্রী সে; বিশেষ করে এত কম বয়সে যখন কোনো অভিনেত্রী মা হওয়ার সিদ্ধান্ত নেন, তখন তাকে সাহসী না বলে উপায় কী!’ সাক্ষাৎকারে কারিনা বারবার আলিয়ার সাহসের প্রশংসা করেন। ক্যারিয়ারে শুরু থেকেই ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘রাজি’র মতো ছবি করেছেন আলিয়া। এ ছাড়া কারিনার মতে, ক্যারিয়ারের শীর্ষ সময়ে থেকেও বিয়ে করা এবং মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট সাহসের ব্যাপার। কারিনা বলেন, ‘ও খুব সাহসী অভিনেত্রী এবং সাহসী ব্যক্তিত্ব। নিজের সেরা সময়েও মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটার জন্য দৃঢ়প্রত্যয়ী হওয়া প্রয়োজন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন কারিনা ও আলিয়া। কারিনা জানান, সামনে সুযোগ হলে আবারও একসঙ্গে দেখা যাবে তাদের। চলতি মাসে আলিয়া ও কারিনা দুজনেরই নতুন ছবি মুক্তি পেয়েছে। ৫ আগস্ট আলিয়ার ওয়েব ফিল্ম ‘ডার্লিংস’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। অন্যদিকে ১১ আগস্ট কারিনার ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। আলিয়া সম্প্রতি ইতালি থেকে ভারত ফিরেছেন তার বেবিমুন শেষ করে। সোনম কাপুরও অন্তঃসত্ত্বা, একই স্থানে তার বেবিমুন উদযাপন করেছিলেন। আলিয়া তার বেবিমুনের ভিডিও শেয়ার করেছেন। সেখানে তার আসন্ন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মুক্তি পাওয়া সর্বশেষ ‘দেবা দেবা’র গানের তালে মজেছেন স্বামী রণবীর কাপুর। আলিয়া লিখেছেন, ‘আমার জীবনের আলো।’ ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীরের চরিত্র শিবকে উল্লেখ করে প্রচুর ফায়ার ইমোজি রয়েছে। এই ছবির মাধ্যমেই আলিয়া-রণবীর প্রথমবারের মতো বড়পর্দা শেয়ার করবেন।