শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় তিন ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর। চলতি বছর বিশ্বের ১০০ শীর্ষ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দর এখন বিশ্বের ৬৪তম ব্যস্ততম বন্দর। এক বছর আগের তালিকায় ৬৭তম অবস্থানে ছিল এই বন্দর।
লয়েডস তালিকার ১০০ বন্দরের সর্বশেষ সংস্করণটি প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১৮ আগস্ট)। ২০২১ সালে বিশ্বের অভিজাত বন্দর সুবিধাগুলোর বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিসংখ্যান সমন্বিত করে লয়েড’স তালিকার ১০০ বন্দরের সর্বশেষ সংস্করণ প্রকাশ করা হয় ৷
হিসাব অনুযায়ী, বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর ২০২১ সালে মোট ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮ টিইইউ (বিশ ফুট সমতুল্য ইউনিট) কন্টেইনার হ্যান্ডল করেছে, যা আগের বছরের ২৮ লাখ ৩৯ হাজার ৯৭৭ টিইইউ থেকে বেশি, যা বছরে ১৩ দশমিক ২ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং প্রবৃদ্ধি।
চট্টগ্রাম বন্দরের অবস্থানের কথা উল্লেখ করে সংবাদমাধ্যম লয়েড জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের সক্ষমতার সীমাবদ্ধতা থাকার পরও কনটেইনার হ্যান্ডলিংয়ে আগের ট্র্যাকে ফিরে এসেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, ২০২১ সালে কনটেইনার হ্যান্ডলিংয়ে ১৩ শতাংশ বার্ষিক বৃদ্ধি পেয়েছে, যার অর্থ মহামারির পরে দেশের বৈদেশিক বাণিজ্য তার আসল ট্র্যাকে ফিরে এসেছে।
তিনি আরও বলেন, বন্দরের এ সফলতা হচ্ছে বন্দর ব্যবহারকারীদের জন্য। বন্দরের স্টেকহোল্ডারা হলো বন্দরের প্রাণ।