মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:০০ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি চা বাগানে টিলা ধসে মাটিচাপায় চার নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও একজন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কালীঘাট ইউনিয়নের ফিনলে টি কোম্পানির লাখাইছড়া চা বাগানের কুমেদ কন্দের বাসার সামনে উরিষ্যা টিলায় এ দুর্ঘটনা ঘটে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের চলমান ধর্মঘটের মধ্যেই শ্রমিক হতাহতের এ ঘটনা ঘটল।
নিহতরা হলেন লাখাইছড়া স্কুল লাইনের সুনীল ভূমিজের স্ত্রী সুকন্তলা ভূমিজ (৪০), স্বপন ভূমিজের স্ত্রী হীরা ভূমিজ (৩০), অরুণ মাহালির স্ত্রী রাধা মাহালি (২৫) ও রিপন ভূমিজের স্ত্রী পুনি ভূমিজ (২৫)। টিলা ধসে আহত হয়েছে অঞ্জনা ভৌমিজ নামে এক কিশোরী। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সে।
কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চা বাগানের নারীরা লাল ও সাদাসহ বিভিন্ন রকমের মাটি সংগ্রহ করে ঘর ও উঠান লেপন করেন। চা বাগানে ধর্মঘট থাকায় বাগানে কাজ ছিল না। এ সুযোগে গতকাল বেলা ১১টার দিকে লাখাইছড়া চা বাগানের চার নারী শ্রমিক ও কিশোরী অঞ্জনা পাশের উরিষ্যা টিলায় মাটি সংগ্রহে যায়। মাটি কেটে নিতে নিতে টিলার নিচের দিকে কিছু অংশ ভেতরের দিকে গর্তের মতো হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে ওই অংশ থেকে তারা মাটি সংগ্রহের সময় হঠাৎ ওপর থেকে মাটি ধসে পড়ে। চারজন মাটির নিচে পুরোপুরি চাপা পড়েন। আর কোমর পর্যন্ত মাটিচাপা পড়ে থাকে অঞ্জনা। তার চিৎকারে বাগানের লোকজন গিয়ে সবাইকে উদ্ধার করে। তাদের মধ্যে চারজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।