মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বিশ্ব মশা দিবস আজ

আজ বিশ্ব মশা দিবস। জনসাধারণকে সতর্ক করতে প্রতি বছর ২০ আগস্ট দিবসটি পালিত হয়। মশা আকারে ক্ষুদ্র হলেও অত্যন্ত ভয়ংকর। খুব সহজেই ঘাতক হিসেবে রূপ নিতে পারে ক্ষুদ্র এই জীবটি। মশার কামড়ে শুধু ডেঙ্গু নয় হতে পারে চিকনগুনিয়া, ম্যালেরিয়াসহ নানান রোগ।

মশা দিবসের সঙ্গে জড়িয়ে আছে একজন চিকিৎসকের নাম। রোনাল্ড রস নামের এই ব্রিটিশ চিকিৎসক ১৮৯৭ সালের ২০ আগস্ট অ্যানোফিলিস মশাবাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন। তাকে সম্মান জানাতেই যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন দিবসটি পালনের সূচনা করেছিল। ১৯৩০ সালের দিকে শুরু হওয়া বিশ্ব মশা দিবস পালনের আনুষ্ঠানিকতা দিন দিন বাড়ছে। পরবর্তীকালে রোনাল্ড রস এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

রোনাল্ড রসের আবিষ্কারের পরও মশাবাহিত নতুন নতুন ভাইরাসের নাম এসেছে। এই খুদে পতঙ্গ আজও বিশ্বের লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ। গবেষকেরা বলছেন, প্রতিবছর প্রায় ৮ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয় মশাবাহিত ভাইরাসে। মানুষের মৃত্যুর জন্য যে প্রাণীগুলো দায়ী, তার মধ্যে মশা অন্যতম। এমন পরিস্থিতি মশা দিবসটি হতে পারে জনসাধারণকে সচেতনতার দিন।

শুক্রবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এ নিয়ে সারাদেশে মোট ৩৯৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com