শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সময়সূচিতে অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এতে করে বিদ্যুতের পিক আওয়ার এগিয়ে দুপুরের দিকে আসায় রাতে লোডশেডিংয়ের যন্ত্রণা কমবে বলে আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের।
পিক আওয়ার হচ্ছে সেই সময়, যখন বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বাংলাদেশে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের পিক আওয়ার ধরা হয়। বাকি সময়টা অফ পিক আওয়ার।
রাজধানীতে এতোদিন সকালের দিকে সড়কে খুব একটা যানবাহনের চাপ ছিল না। তবে, বুধবার সকাল থেকেই ভিন্ন চিত্র। নতুন সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে আফিস শুরু হওয়ায় সাড়ে ৭টার দিকেই বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজট। পাশাপাশি কর্মঘণ্টা কমানো হয়েছে এক ঘণ্টা। বিকাল ৫টার বদলে ৩টার সময় অফিস ছুটি হবে।
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোতে দেখা যায়, সরকার নির্ধারিত নতুন সূচি অনুযায়ী যথাসময়েই অফিসে গেছেন বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাজের সূচিও বদলে গেছে। ব্যাংক চলবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত, এর মধ্যে ৩টা পর্যন্ত লেনদেন করা যাবে।
নতুন অফিসসূচির প্রথম দিন সকালে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “আমরা দেখলাম, আগে যে ট্রেন্ড ছিল, সকাল ১০টা থেকে বাড়ত (বিদ্যুতের চাহিদা)। এখন দেখলাম সকাল ৯টা থেকে (চাহিদা) বাড়া শুরু করেছে। তবে এতে সেবার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসময় আরো জানান, বিদ্যুতের পিক আওয়ার পরিবর্তন হওয়ায় রাতের দিকে লোডশেডিং কমে আসবে। আগামী ১৫ দিন সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলেও আশা তার।
এটা কতদিন চলবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “লোডশেডিং আমরা কমাচ্ছি। লোডশেডিং আমরা দিতে বাধ্য হয়েছি। যেহেতু আমাদের জ্বালানি ও গ্যাস শর্টেজ ছিল। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শুধু সাধারণ মানুষ নয়, মন্ত্রী-এমপিসহ সবার বাসায়ই লোডশেডিং চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।
অন্যদিকে অফিসের কাজের সময় এগিয়ে আনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিন ছুটি দেওয়া হয়েছে সপ্তাহে। তবে ক্লাসের সময় রাখা হয়েছে আগের মতই।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের জেরে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সরকার বিদ্যুৎ উৎপাদন কমিয়ে ব্যয় সশ্রয়ের চেষ্টা করছে। পরিস্থিতি সামাল দিতে এখন নিয়ম করে লোড শেডিং করতে হচ্ছে।