বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নতুনত্ব আর চমকের আভাস কয়েকদিন আগেই পাওয়া গিয়েছিল। সেটাই যেন সত্যি হলো। কম্বোডিয়া ও নেপাল সফরকে সামনে রেখে আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন। সেখানে নেই আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। তবে মোহামেডানের ফরোয়ার্ড শাহরিয়ার ইমনকে ডাকা হয়েছে।
জুনে মালয়েশিয়া সফরের জন্য প্রাথমিক দলে জীবনকে ডেকেছিলেন কোচ। কিন্তু কয়েক ঘণ্টা পর ক্যাম্পে যোগ দেওয়ার কারণে জীবনকে বাদ দিয়ে দেন তিনি। এবার কেন রাখা হলো না প্রিমিয়ার লিগে ৫ গোল করা এই অভিজ্ঞ স্ট্রাইকারকে? বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ নিয়ে মিডিয়ার অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে ক্যাবরেরাকে।
জীবনকে প্রাথমিক দলে না ডাকার যুক্তি দিয়ে কোচ বলেছেন, ‘আমরা টেকনিক্যাল স্টাফরা এ নিয়ে কাজ করেছি। প্রিমিয়ার লিগে ভালো খেলা কিছু খেলোয়াড় নিয়ে আলোচনা করেছি। যারা আমাদের ধ্যান-ধারণার সঙ্গে মানিয়ে নিতে পারবে, তেমন খেলোয়াড়দেরই আমরা বেছে নিয়েছি। আমার বিশ্বাস দলে যারা ডাক পেয়েছে তারা আমাদের আইডিয়ার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’
জীবনতো প্রিমিয়ার লিগে পাঁচ গোল করেছেন। তার চেয়ে কম গোল করা স্ট্রাইকার নেওয়া হলে জীবন কেন নয়? ক্যাবরেরার জবাব, ‘জীবন ৫ গোল করেছে। আরও কয়েকজন ৪ গোল করেছে। আসলে কে কত গোল করেছে, তা বিষয় না। একজন খেলোয়াড় কতগুলো ম্যাচে ফিট ছিল, আমাদের দর্শনের সঙ্গে মেলে কিনা, এসব আমি বিবেচনা করেছি। একজন স্ট্রাইকারের মূল কাজ গোল করা। তার অন্য পজিশনে ভালো করার ক্ষমতা আছে কিনা সেটাও আমরা দেখেছি। যে স্ট্রাইকারদের নিয়েছি তারা উইং এবং অ্যাটাকিং ফিডফিল্ডেও ভালো করতে পারে সেভাবে আমরা কাজ করছি।’