বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এবার তিনি ক্ষমতাসীন সরকার এবং জোটের শরিকদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আমি খুবই বিপজ্জনক। ‘
ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি গ্রেপ্তার হওয়া এড়াতে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন।
ইমরান খান বলেছেন, পাকিস্তানে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। দেশের সরকার পাকিস্তানকে উপহাসের বিষয় করে তুলছে।
দেশটিতে যেকোনো ব্যক্তির বিরুদ্ধে যেকোনো সময় যেকোনো গুরুতর অভিযোগ আনা হতে পারে বলেও অভিযোগ করেছেন ইমরান খান। নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে দেশটির ‘বৃহত্তম দল’ বলে অভিহিত করে ইমরানের দাবি, পাকিস্তানের সরকার ‘বৃহত্তম দলে’র প্রধানকে গ্রেপ্তার করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। নিজেদের বাঁচাতেই সরকার তাকে গ্রেপ্তার করতে চাইছে বলে দাবি ইমরানের।
সূত্র: ইকোনমিক টাইমস