বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ওষুধের দোকান খোলা রাখার ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা মানা সম্ভব নয় বলে জানিয়েছেন দোকানিরা।
তারা বলেছেন, ওষুধের দোকান খোলা রাখা দোকান মালিকদের ঐচ্ছিক বিষয়। এ ক্ষেত্রে সময় বেঁধে দেওয়ার কোনো সুযোগ নেই। দেশের যেকোনো পরিস্থিতিতে ওষুধের দোকান খোলা রাখার ব্যাপারে কখনো কোন বিধিনিষেধ আরোপ করা হয়নি। এটা দোকান মালিকদের ইচ্ছের বিষয়। কারণ ওষুধ জরুরি পণ্য। কখন কোন রোগীর কোন ওষুধ লাগে, তা কেউ-ই বলতে পারেন না।
দোকানিরা আরও বলেন, দক্ষিণ সিটি করপোরেশন সাধারণ ওষুধের দোকান রাত ১২টার মধ্যে ও হাসপাতালের সঙ্গে সংযুক্ত ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করার যে নির্দেশনা দিয়েছিল, তা মানা সম্ভব হচ্ছে না। যতক্ষণ ইচ্ছে ফার্মেসি খোলা রাখবেন দোকান মালিকরা।
এ ব্যাপারে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পরিচালক এবং মিটফোর্ডের আকমল খান রোডের আলিম-লাম-মিম ফার্মার স্বত্বাধিকারী জাকির হোসেন রনি রবিবার দেশ রূপান্তরকে বলেন, ওষুধের দোকানে সময় বেঁধে দেওয়ার কোনো সুযোগ নেই। দোকানিরা যে ইচ্ছে করে খোলা রাখে তা নয়। এটা নির্ভর করে ওষুধের চাহিদা ও মালিকের ইচ্ছার ওপর। সব দোকান যে ইচ্ছে করে খোলা রাখবে তা-ও না।