রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত ‘একলা চলো’ নীতিতে চলছে। এখনই কোনো জোটে যোগ দেওয়ার চিন্তাভাবনা নেই দলগুলোর। নিজেরা নিজেদের মতো করে চালাচ্ছে কার্যক্রম। নির্বাচনের আগে দলগুলো তাদের সাংগঠনিক শক্তি বাড়াতেও চেষ্টা চালাচ্ছে। তবে এরই মধ্যে সব ধর্মভিত্তিক দলকে একই ছাতার নিচে আনতে কাজ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির পক্ষ থেকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। হচ্ছে সৌজন্য সাক্ষাৎও। আর এসবের মাধ্যমে শিগগিরই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো একটি জোটের অধীনে আসবে বলে আশা করছেন আলোচনাসংশ্লিষ্টরা। গতকাল সোমবার দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর একাধিক শীর্ষ নেতা।
বর্তমানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে জোর দিচ্ছেন দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। দলীয় সরকারের অধীনে হওয়ার কারণ দেখিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি দলটি। তবে একাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনে প্রার্থী দেয়। যদিও অনিয়মের অভিযোগে নির্বাচনের দিন ভোট বর্জন করে। বর্তমানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং চা বাগান শ্রমিকদের মজুরি ন্যূনতম ৩০০ টাকা করাসহ বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচিতে মাঠে সরব রয়েছে ইসলামী আন্দোলন।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘এতদিন আমরা জনসম্পৃক্ত কর্মসূচিতে পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছি। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি। একত্রে কাজ করার পরিবেশ তৈরির চেষ্টা করে যাচ্ছি। এ লক্ষ্যে বিভিন্ন দলের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ করছি, কথা বলছি।’