রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
জাতীয় পার্টিতে আবারও ভাঙনের সুর। অসুস্থতার সুযোগ নিয়ে রওশন এরশাদের নাম ব্যবহার করে তৃতীয় একটি পক্ষ দলের বিপক্ষে কোনো অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরার বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দীর্ঘদিন অসুস্থ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। চিকিৎসার জন্য তিনি বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। এরই মধ্যে ৩১ আগস্ট বুধবার মেয়াদ শেষ হওয়ার আগেই দলের দশম কাউন্সিল ডেকেছেন তিনি। যদিও এ বিষয়ে কিছুই জানেন না পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বৃহস্পতিবার অসুস্থতার কারণ দেখিয়ে রওশন এরশাদের পরিবর্তে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা পদে জি এম কাদেরকে বসাতে স্পিকারকে চিঠি দিয়েছেন দলের ২৩ সংসদ সদস্য।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ ব্যাপারে জিএম কাদের জানান, কাউন্সিল ডাকার একক কোনো এখতিয়ার রওশন এরশাদের নেই। অসুস্থতার সুযোগ নিয়ে রওশন এরশাদের নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জাতীয় পার্টির নেতাকর্মীরা দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবেন না।
জাপার চেয়ারম্যান বলেন, রওশন এরশাদ আমাদের শ্রদ্ধার পাত্র, তিনি শ্রদ্ধার আসনেই আছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ, সংসদের অধিবেশনে অংশ নিতে পারছেন না। বিরোধী দলের নেতা হিসেবে ভূমিকা রাখতে পারছেন না।
কেউ যদি জাতীয় পার্টিকে ভাঙার চক্রান্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান জি এম কাদের।
তিনি বলেন, কখনও কখনও রওশন এরশাদকে দিয়ে কিছু মহল এমন কিছু বক্তব্য, বিবৃতি ও বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করছে, যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে। জাতীয় পার্টির সংসদীয় কমিটির সদস্যরা মনে করছেন, অসুস্থতা ও বয়সের কারণে তিনি বিরোধী দলের নেতার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না।
এদিকে, বিরোধীদলীয় নেতার অনুপস্থিতিতে পার্লিমেন্টারি সভা ডাকার এখতিয়ার জিএম কাদেরের নেই বলে জানান রওশন এরশাদ। তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।