রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
বিএনপির নৈরাজ্য ঠেকাতে পুলিশের পাশাপাশি নেতাকর্মীদের নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটে ঢাকা উত্তর যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
এসময় শেখ ফজলে শামস্ পরশ বলেন, লন্ডন থেকে বিএনপি নেতা তারেক রহমান তার কর্মীদের ভুল পথ দেখাচ্ছেন। নিজে নিরাপদে থেকে কর্মীদের বিপদের দিকে ঠেলে দিচ্ছেন।
বিএনপিকে হুঁশিয়ার করে তিনি বলেন, আজ থেকে আমরা মাঠেই থাকবো, মাঠে থেকেই আপনাদের সকল নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দিবো। বিদেশে থেকে (তারেক রহমান) আপনাদের বিপথগামী করছে, জনগণকে বিভ্রান্ত করছে। সে যদি (তারেক রহমান) এতই বড় নেতা হয়ে থাকে তাহলে দেশে আসুক, আমাদের মোকাবিলা করুক।
যুবলীগের নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছে বিএনপি জামায়াত যেন সেটা ধ্বংস করতে না পারে। যদি বিএনপি-জামায়াত এদেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেক নেতাকর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙ্গা জবাব দিবে।
পরে নারায়ণগঞ্জে নিহত শাওন যুবদল কর্মী নয় দাবি করে শেখ ফজলে শামস পরশ বলেন, শাওনকে নিজেদের কর্মী দাবি করে সুবিধা আদায়ের চেষ্টা করছে বিএনপি।
যুবলীগ চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজ যখন বাংলাদেশ সারা পৃথিবীতে উৎকৃষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থা ও মানবিকতার উদাহরণ হিসেবে দেখিয়ে যাচ্ছেন তখনই বিএনপি-জামায়াত তাদের মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র।