রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যখন সংগ্রাম চলছে তখন বিএনপির আন্দোলনকে ক্ষমতাসীনরা ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি। তিনি বলেন, বিএনপি যখনই জেগে উঠেছে ঠিক তখনই দমিয়ে রাখার চক্রান্ত করছে সরকার।
বাংলাদেশে জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিশ্বাসীদের মাইনাস করতেই দেশে ওয়ান-ইলেভেন ঘটানো হয় বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময়ে একটা কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, মাইনাস টু বলে একটা কথা খুব প্রচার হয়েছিল। মাইনাস টু তো হয়নি, হয়েছে মাইনাস ওয়ান।’
দেশের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরেন মির্জা ফখরুল বলেন, ‘আমরা এদেশের মানুষ তেল-ডাল-লবণের দাম বৃদ্ধির প্রতিবাদে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যখন আন্দোলন শুরু করেছে, সেই সময়ে ওরা (সরকার) আঘাত হানতে শুরু করেছে।’
‘ওরা চেষ্টা করছে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য এবং তারা আবারও আগের মতো আগুন সন্ত্রাস, ওমুক সন্ত্রাস দিয়ে ভিন্নভাবে প্রবাহিত করে।’
এ অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে বিএনপিকে কেউ বিপদে ফেলতে না পারে। আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের জন্য বাধ্য করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। না হলে জনগণকে সাথে নিয়ে সরকার পতন আন্দোলন শুরু করা হবে।
পরে নারায়ণগঞ্জের সংঘর্ষ প্রসঙ্গে বলেন, শাওন যুবদলের নেতা এটা নিয়ে কোন সন্দেহ নাই। মনোযোগ এড়াতে পুলিশ দিয়ে হামলা করে আন্দোলন থেকে জনগণের চোখ এড়াতে চাচ্ছে সরকার। আবার গায়েবি মামলায় বিএনপিকে দমাতে চায়। বেআইনীভাবে সংগ্রহ করা চাইনিজ রাইফেল দিয়ে এক এসআই শাওনকে গুলি করে।