বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
রাশিয়ার জ্বালানী তেলের মূল্য বেঁধে দেয়ার পরিকল্পনা করেছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-সেভেন। নতুন এ পরিকল্পনায় রাশিয়া যেন তেল বিক্রি করে বেশি অর্থ না পায় সে বিষয়ে আলোচনা করেছেন জোটের নেতারা। এদিকে, ইউরোপে গ্যাস সরবারহের তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে রাশিয়া।
৭ মাস ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনে আক্রমণের দায়ে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। এরই ধারাবাহিকতায় এবার রাশিয়ার জ্বালানী তেলের মূল্য বেঁধে দেয়ার পরিকল্পনা করেছে জি-সেভেন।
রাশিয়া যেন তেল বিক্রি করে বেশি অর্থ না পায় সেই উদ্দেশ্যে নতুন এই পরিকল্পনা। তবে কবে থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।জি-সেভেনের এমন সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে রাশিয়া। এর পক্ষে সমর্থন জানানো দেশগুলোতে তেল রপ্তানি করা হবে না বলে সাফ জানিয়েছে মস্কো।
এদিকে, ইউরোপে গ্যাস সরবরাহের তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে রাশিয়া।
নর্ডস্ট্রিম ওয়ান পাইপলাইনে লিকেজ হওয়ায় সংস্কার কাজ অব্যাহত রাখতে হচ্ছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
রক্ষণাবেক্ষণের কাজে বুধবার ৩ দিনের জন্য জার্মানির মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে রাশিয়া। ৩ দিন পর চালু হওয়ার কথা থাকলেও আপাতত বন্ধই থাকছে পাইপলাইনটি। এ অবস্থায় শীত আসার আগেই ইউরোপে জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে।
বাল্টিক সাগরের তলদেশ দিয়ে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার জায়গাজুড়ে বিস্তৃত নর্ড স্ট্রিম পাইপলাইন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে জার্মানির উত্তর-পূর্বাঞ্চলে গ্যাস সরবরাহ করা হয় এই পাইপলাইন দিয়ে।
২০১১ সালে চালু হওয়া এই গ্যাসলাইনের মাধ্যমে প্রতিদিন ১৭০ কোটি ঘনফুট গ্যাস জার্মানিতে পাঠায় রাশিয়া। যা জার্মানির ৫৫ শতাংশ গ্যাসের চাহিদা মেটায়।