মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজশাসক রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে রানীর মৃত্যু হয়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস। এর মধ্য দিয়ে দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর রাজত্ব আর ৯৬ বছরের বর্ণাঢ্য এক জীবনের অবসান হলো। বাকিংহাম প্যালেস রানীর প্রতি শ্রদ্ধা জানাতে ১০ দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।
ব্রিটিশ রানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তারা রানীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলেন। রানীর মৃত্যুর পর তার বড় ছেলে, সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস এখন নতুন রাজা হবেন এবং ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হিসেবে দেশের শোক পালনে নেতৃত্ব দেবেন।
গতকালের বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে, রানী আজ (বৃহস্পতিবার) বিকেলে ব্যালমোরালে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। নতুন রাজা চার্লস ও রানী ক্যামেলিয়ার বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, রাজা ও রানী আজ (বৃহস্পতিবার) রাতে ব্যালমোরালে থাকবেন এবং আগামীকাল (আজ) লন্ডনে ফিরে আসবেন।