মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়ার সেরা শ্রীলঙ্কা

এশিয়া কাপের পনেরতম আসরের ফাইনালে রোববার দুবাইয়ে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো ট্রফি জিতল শ্রীলঙ্কা। এর মধ্যে দিয়ে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে কমাল ব্যবধান। শ্রীলঙ্কার দেয়া ১৭১ রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে ১৪৭ রানে।

ফাইনালে লঙ্কানদের ম্যাচ জয়ের নায়ক ছিলেন দিলশান মাদুশান। একাই ৪ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। শেষদিকে এক ওভারে ৩ উইকেট শিকার করে ম্যাচ জয়ের আরেক নায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ম্যাচের শুরুতে পাকিস্তানের পেসারদের আগুনে বোলিং। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ভানুকা রাজাপাকসার বিধ্বংসী ইনিংসে শ্রীলঙ্কার রূপকথার প্রত্যাবর্তন।

ভূতুড়ে এক ওভারে শুরুর পর লঙ্কানদের ফেরা। এরপর অবশ্য ম্যাচের রঙ খুব একটা বদলাল না। অসাধারণ বোলিং আর উজ্জীবিত ফিল্ডিংয়ে প্রতিপক্ষকে স্রেফ গুঁড়িয়ে দিল লঙ্কানরা। মেতে উঠল এশিয়া কাপের শিরোপা জয়ের উল্লাসে।
৫ উইকেটে ৫৮ রানের নড়বড়ে অবস্থান থেকে রাজাপাকসার দৃঢ়তায় ৬ উইকেটে ১৭০ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। পাকিস্তান থমকে যায় ১৪৭ রানে।
৪৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন রাজপাকসা। ২১ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসের পর বল হাতে ৩ উইকেট নেন ভানিন্দু হাসারাঙ্গা।
এশিয়া কাপে পাকিস্তানের তৃতীয় শিরোপার অপেক্ষা আরও বাড়ল। সবশেষ তারা শিরোপা জিতেছিল ২০১২ সালের আসরে, ৫০ ওভারের সংস্করণে বাংলাদেশকে ২ রানে হারিয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com