মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত অন্তত ৩০

কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে তিন দিন আগে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। খবর বিবিসির।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সংঘর্ষ আরও বৃদ্ধি পাওয়ার পর উভয়পক্ষ একে অপররের বিরুদ্ধে ট্যাংক ও মর্টারের মতো ভারী অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে।

কিরগিজস্তানের বর্ডার গার্ড সার্ভিস জানিয়েছে, শুক্রবার ভোররাতে তাজিক বাহিনীগুলো ফের তাদের বেশ কয়েকটি সীমান্ত চৌকিতে গোলাগুলি বর্ষণ করেছে, পুরো সীমান্তজুড়ে ছড়িয়ে পড়া সংঘর্ষে তাজিক বাহিনীগুলো ট্যাংক, সাঁজোয়া যান ও মর্টার ব্যবহার করছে।

উভয় পক্ষই সহিংসতা শুরু করা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করছে।

কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এখন পর্যন্ত প্রায় ২৪ জন নিহত হয়েছে। তাজিকিস্তান থেকে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে অন্তত তিনজন নিহত হয়েছেন।

রেড ক্রসের একটি আঞ্চলিক শাখা জানিয়েছে, সহিংসতা থেকে বাঁচতে সীমান্ত এলাকা থেকে প্রায় ২০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। নতুন করে এই সংঘর্ষ দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে।

সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দুই প্রজাতন্ত্রের দুর্বলভাবে চিহ্নিত সীমান্তে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে, তবে দ্রুতই এসব সংঘাতের অবসান হয়। তবে গত বছর এ ধরনের সীমান্ত সংঘর্ষের জেরে দেশ দুটি প্রায় সর্বাত্মক যুদ্ধের প্রান্তে পৌঁছে গিয়েছিল।

উভয় দেশেই রাশিয়ার সামরিক ঘাঁটি আছে এবং উভয়ের সঙ্গেই মস্কোর ঘনিষ্ঠ মিত্রতা আছে। শত্রুতা থামাতে উভয় মিত্রের প্রতিই আহ্বান জানিয়েছেন মস্কো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com