মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে পরাজিত করে একদিন পরেই আবারো প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে ফিরেছে আর্সেনাল। দিনের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে পরাজিত করে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে এভারটন।
ইনজুরিতে থাকা অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও ওলেক্সান্ডার জিনচেনকোর স্থানে আর্সেনালে কাল বদলী বেঞ্চ থেকে খেলতে নেমেছিলেন ১৫ বছর বয়সী স্কুলছাত্র এথান এওয়ানেরি। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে খেলতে নেমে ইতিহাস রচনা করেছেন এই ইংলিশ কিশোর। ব্রেন্টফোর্ডের এই মাঠে গত মৌসুমে ২-০ গোলে পরাজিত হয়েছিল গানার্সরা। কিন্তু কাল সে ধরনের কোন দূর্বলতা তাদের পারফরমেন্সে চোখে পড়েনি। এই জয়ে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যামকে এক পয়েন্টে পিছনে ফেলে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে মিকেল আর্তেতার দল আর্সেনাল।
বিরতির আগে উইলিয়াম সালিবা ও গাব্রিয়েল জেসুসের গোলে আর্সেনাল ব্যবধান দ্বিগুন করে। প্রিমিয়ার লিগের প্রথমবারের মত মূল একাদশে খেলতে নেমেই বিরতির পর আরো এক গোল দিয়েছেন ফ্যাবিও ভিয়েরা। ব্রেন্টফোর্ড বস থমাস ফ্রাংকের বিশ্বাস আর্সেনাল এবারের মৌসুমে শিরোপা জিতবে। প্রথম ৪৫ মিনিটে গানার্সরা যে দুরন্ত গতিতে খেলেছেন তাতে ফ্রাংকের মধ্যে এই বিশ্বাস জন্মেছে।
আর্সেনালের মিডফিল্ডার গ্রানিত জাকা বলেছেন, ‘এবারের মৌসুমে ভিন্ন মানসিকতা নিয়ে আমরা খেলতে নেমেছি। যেভাবে অনুশীলন করছি সেভাবেই খেলতে পারছি, আমাদের দলে বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে এবং তারাই পার্থক্য গড়ে দিচ্ছে।’
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানকে সামনে রেখে পুলিশের ওপর চাপ কমাতে ম্যাচটি নির্ধারিত সময়ের থেকে দুই ঘন্টা এগিয়ে আনা হয়। রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের আগে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।
শুরু থেকেই আর্সেনালের একক আধিপত্যে ম্যাচটি একপেশে হয়ে গিয়েছিল। দুই সপ্তাহ আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এবারের মৌসুমে প্রথম পরাজয় বরন করা আর্সেনাল কাল আবারো স্বরূপে মাঠে ফিরেছিল। ১৭ মিনিটে বুকয়ো সাকার কর্ণার থেকে সালিবা দারুন এক গোলে গানার্সদের এগিয়ে দেন। ব্যবধান দ্বিগুন করতে জেসুসও মাথার সহায়তা নিয়েছেন। ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে আসার পর সাত ম্যাচে এটি তার চতুর্থ গোল। জাকার ক্রস থেকে শক্তিশালী হেডে ব্যবধান দ্বিগুন করেন এই ব্রাজিলিয়ান তারকা।
ওডেগার্ডের অনুপস্থিতিতে মাঠে নামা পতুগীজ মিডফিল্ডার ভিয়েরা ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে জোড়ালো শটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ইনজুরি টাইমে ১৫ বছর ১৮১ দিন বয়সে মাঠে নেমে আর্সেনালের দিনটিকে আরো বেশী রাঙিয়ে তুলেছেন এনওয়ানেরি। ফুলহ্যামের হয়ে ১৬ বছর বয়সে খেলতে নেমে প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামার আগের রেকর্ডটি ছিল হার্ভে এলিয়টের দখলে।
দিনের অপর ম্যাচে এভারটনের জার্সিতে নিল মপের অভিষেক গোলে ওয়েস্ট হ্যামের পরাজয় নিশ্চিত হয়। আন্তর্জাতক বিরতির আগে হ্যামার্সরা এই পরাজয়ে টেবিলের তলানির তিনটি দলের মধ্যে থাকতে বাধ্য হলো। এনিয়ে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকলো ফ্রাংক ল্যাম্পার্ডের দল। কিন্তু এই ম্যাচের আগে টানা চার ড্রতে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করতে পেরেছিল।
ইনজুরি আক্রান্ত ডোমিনিক কালভার্ট-লুইনের স্থান পূরনে এভারটন বাধ্য হয়ে ট্রান্সফার উইন্ডোর শেষ সপ্তাহে ব্রাইটন থেকে মপেকে দলে নিতে বাধ্য হয়। এটি ছিল এভারটনের হয়ে তার দ্বিতীয় ম্যাচ। এ্যালেক্স ইওবির পাস থেকে ৫৩ মিনিটে গোল করেন এই ফ্রেঞ্চম্যান। এই জয়ে টেবিলের ১৩তম স্থানে উঠে এসেছে এভারটন। অন্যদিকে সাত ম্যাচে মাত্র এক জয়ে টেবিলের ১৮তম স্থানে নেমে গেছে ওয়েস্ট হ্যাম।