মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
চ্যাম্পিয়নস লিগে গেল মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে দারুণ জয় পেয়েছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু বুন্দেসলিগায় ফিরতেই উল্টো ফলাফল। শনিবার এফসি অগসবুর্গের কাছে হেরে গেছে বায়ার্ন। এই হারে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে নেমে গেছে নাগেলসমানের দল। টমাস মুলার বলছেন, এই হারে বিব্রত তারা। কোচের ভাষ্য, দলে অনেক পরিবর্তন আনতে হবে।
গেল ১০ মৌসুম ধরে লিগ শিরোপাটা জিতে আসছে বায়ার্ন মিউনিখ। কিন্তু এবার তাদের পারফরম্যান্সের ধার যেন কমেছে। সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্র। এরপর অগসবুর্গের মতো দলের কাছে এমন হার (০-১)। বুন্দেসলিগায় ৮৭ ম্যাচ পর এটা প্রথম হার বাভারিয়ানদের। লিগে শেষ চার ম্যাচে বায়ার্ন ড্র করেছে তিনটি, হার একটি। মুলার বলেছেন, ‘চার ম্যাচে জয় না পাওয়ায় আমরা স্তম্ভিত ও বিব্রত। এই ম্যাচ থেকে বেশি ইতিবাচক বিষয় নিয়ে আমি কথা বলতে পারি না। সত্যিই যদি ম্যাচটি বিশ্লেষণ করেন, তাহলে যতগুলো সুযোগ আমরা তৈরি করেছি, আমরা জয়ী হতে পারতাম। কিন্তু সুযোগগুলো যদি গোলে পরিণত না করা যায়, তাহলে পয়েন্ট শূন্য।’ বুন্দেসলিগায় গেল ২০ বছরের মধ্যে এমন বাজে শুরু করেনি বায়ার্ন। ‘আমাদের সাম্প্রতিক নেতিবাচক প্রবণতা ভালো কিছু নয়। অনেক কিছু পরিবর্তন করতে হবে। আমি ভেবে দেখব। আমরা দেখব যে এখান থেকে পরিস্থিতি কীভাবে এগিয়ে যায়। সবকিছু নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে, পরিস্থিতি নিয়ে’Ñ বলেছেন কোচ নাগেলসম্যান।
আগের আট মৌসুম বায়ার্ন মিউনিখে ছিলেন রবার্ট লেভানডফস্কি। গোলের পর গোল করে গেছেন তিনি। নাগেলসমান স্বীকার করেছেন লেভার অনুভব করছেন তারা। ‘আমি যদি না বলি, তাহলে লোকেরা বলবে যে আমি সমস্যা স্বীকার করছি না। আর যদি হ্যাঁ বলি, তারা বলবে যে আমি লেভানডফস্কিকে মিস করছি। আজকে আমাদের ৯ নম্বর চুপো ছিল বেঞ্চে, এছাড়া আমাদের আর স্বীকৃত স্ট্রাইকার নেই।’
লিভারপুল থেকে যাওয়া সাদিও মানে আশানুরূপ পারফর্ম করতে পারছেন না। অগসবুর্গের বিপক্ষে ম্যাচে ৭৮ মিনিট পর তাকে মাঠ থেকে উঠিয়ে নেন কোচ। নামান চুপো মোটিংকে। কিন্তু তাতেও কাজ হয়নি।