শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশকে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সরকারের উন্নয়ন প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে দেখা করার পর মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সে সময় এডিমন গিন্টিং সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশের সঙ্গে এডিবির দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি বাংলাদেশের পাশে থাকবে।
কোভিড-১৯ মহামারির মধ্যে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, মহামারি মোকাবিলায় বাংলাদেশ অন্যতম সেরা উদাহরণ স্থাপন করেছে।
প্রসঙ্গত, এডিবি এ পর্যন্ত বাংলাদেশ সরকারকে ২৭ দশমিক ৫৫৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে।