মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদের পিটুনিতে আহত উপজেলা ছাত্রলীগের সদস্য জামিউল ইসলাম জীবন মারা গেছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে তার মৃত্যু হয়। জীবনের বোনের স্বামী আল আমিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘অনেক চেষ্টা করেও আমরা জীবনকে বাঁচাতে পারিনি। দুপুর ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়েছে।’
এর আগে, ফেসবুক লাইভে দুর্নীতির অভিযোগ তোলায় নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সদস্য জামিউল ইসলাম জীবন এবং তার বাবা ফরহাদ হোসেনকে পিটিয়ে জখমের অভিযোগ ওঠে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে।
ওই ঘটনায় মঙ্গলবারই (২০ সেপ্টেম্বর) জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মামলার প্রধান অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ তার অপর ভাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।