শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি ফের পিছিয়েছে। আগামী ২৫ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৪১ বারের মতো শুনানির তারিখ পেছাল।
রোববার (২৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আলী হুসাইন এই মামলায় নতুন তারিখ নির্ধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
আজ শুনানির সময় বিএনপি নেতা ড. খোন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরীসহ ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (মৃত), সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া (মৃত), সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী (যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড কার্যকর), সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মো. মুজাহিদ (যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড কার্যকর), খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার (মৃত), এম শামসুল ইসলাম (মৃত), আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক (মৃত), এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।