মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ইউক্রেনে সামরিক অভিযান চালানো ছাড়া রাশিয়ার কাছে আর কোন উপায় ছিল না। জাতিসংঘের অধিবেশনে এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ। এসময় রুশ নিয়ন্ত্রিত ৪ অঞ্চলে গণভোট নিয়ে পশ্চিমাবিশ্ব মৃগীরোগীর মতো আচরণ করছে বলেও কটাক্ষ করেন তিনি।
সাত মাস পার করেছে ইউক্রেন যুদ্ধ। পশ্চিমাবিশ্ব একে আগ্রাসন বললেও রাশিয়া একে দাবি করে আসছে, বিশেষ সামরিক অভিযান হিসেবে। শুক্রবার জাতিসংঘে আবারও একই দাবি করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ।
সেরগেই লাভরভ বলেন, পশ্চিমাদের আলোচনার অক্ষমতা এবং নিজ জনগণের বিরুদ্ধে কিয়েভ সরকারের অব্যাহত যুদ্ধে, বাধ্য হয়েই দনবাসের দুই অঞ্চলকে স্বীকৃতি এবং ইউক্রেনে সেনা পাঠায় রাশিয়া। সেইসাথে, আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে ন্যাটোর ক্রমাগত হুমকি মোকাবিলা করাও জরুরি ছিল বলে মন্তব্য করেন লাভরভ।
ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত চার অঞ্চলের গণভোট নিয়ে পশ্চিমাবিশ্ব মৃগীরোগের মত আচরণ করছে বলেও কটাক্ষ করেন তিনি।
তিনি বলেন, ইউক্রেনীয় প্রেসিডেন্টের নির্দেশ মতোই রাশিয়ার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসব অঞ্চলের মানুষ। গত আগস্টে, কারো ইচ্ছা হলে রাশিয়ায় চলে যেতে পারেন বলে জানিয়েছিলন জেলেনস্কি।
এদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিকে গুরুত্বের সঙ্গে নেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। ইউক্রেন যুদ্ধ বিপজ্জনক মুহূর্তে পৌঁছেছে বলেও বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি। এমন পরিস্থিতিতেইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন বোরেল।