মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাবেক এসপি বাবুল আক্তারের মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা শুনানি শেষে এ আদেশ দেন।
এতোদিন কেন বাবুল আক্তার আদালতকে কিছু জানাননি শুনানিতে তা জানতে চান বিচারক। পাশাপাশি একটি মামলায় চার্জশিট দেয়ার পর নতুন করে তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা সুযোগ নেই বলেও জানায় আদালত।
গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন জমা দেন বাবুল আক্তারের আইনজীবী। এতে বাবুলকে মিতু হত্যাকাণ্ডে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছে বলে ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন করার কথা বলা হয়।
একই সঙ্গে আদালতে কারাগারের নিরাপত্তা চেয়ে করা বাবুলের আরেকটি আবেদনও খারিজ করে দিয়েছেন আদালত।
এছাড়া ফেনী কারাগারে কক্ষ তল্লাশির নামে তাকে ভয় দেখানো হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে রিভিশনের কথা জানিয়েছেন বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। তিনি সাংবাদিকদের জানান, তারা আবেদন নিয়ে পুনরায় উচ্চ আদালতে যাবেন।
যে ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল তারা হলেন—পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআইয়ের পরিদর্শক এনায়েত কবির, সাবেক পরিদর্শক এ কে মহিউদ্দিন ও সন্তোষ চাকমা।