মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ইডেন কলেজে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে ১৬ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রোববার ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে সভাপতিসহ ৭ জন আহত হয়। আহত অবস্থায় সভাপতিকে রোববার সন্ধ্যায় হাসপাতালে নেয়া হয়। অন্যদিকে ছাত্রলীগের একাংশের তোপের মুখে ক্যাম্পাস থেকে পুলিশ প্রহরায় সাধারণ সম্পাদককে বের করে নেয়া হয়।
ইডেন কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীবাসে শনিবার রাতে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধরের পর থেকেই ছাত্রীবাসের সব শিক্ষার্থীকে আটকে রাখা হয়।
বিক্ষোভকারীদের দাবি, ছাত্রীবাসের শিক্ষার্থীরাই সভাপতি সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে রাতে জান্নাতুল ফেরদৌসকে মারধর করে। এছাড়া ক্যাম্পাসে সভাপতির দৌরাত্ম্য নিয়ে অভিযোগ তাদের।
এ অবস্থায় বিপাকে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা চলায় পরিস্থিতি আরো জটিল হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেও হলগুলোর নিরাপত্তা নিশ্চিতে দেখা যায়নি কোনো শিক্ষক। যদিও রোববার দুপুর ১টায় পরীক্ষার্থীদের হলে ঢুকতে বাধা দিলে দৃশ্যপটে আসেন শিক্ষকরা।
সমস্যা সমাধানে কেন্দ্রীয় কমিটির কারোরই দেখা মেলেনি। দুপুরে বিজ্ঞপ্তি দিয়ে দায়সারা দুই সদস্যের তদন্ত কমিটির ঘোষণা দিলেও সেটি প্রত্যাখ্যান করে এক পক্ষ।
নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি তামান্না-রাজিয়ার। ক্যামেরায় কথা না বললেও ফোনে তারা জানান, শনিবার রাতে ঘটনায় সময় দুজনের কেউ স্পটে ছিলেন না।
জানা গেছে, জান্নাতুল ফেরদৌস কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ও বেগম রাজিয়া ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী। গত ২২ সেপ্টেম্বর শাখা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি, সিট বাণিজ্য ও হল দখল নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন জান্নাতুল। সাক্ষাৎকার দেওয়ার দুদিন পর শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন শাখা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ সময় তাকে হেনস্তা ও মারধর করারও অভিযোগ ওঠে।
এ ঘটনায় মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশের বিক্ষোভে ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রীভা ও রাজিয়ার বহিষ্কারের দাবি জানান।