মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
হিজাবে ঢাকা গোটা শরীর। সাদা গ্লাভস পরা হাতে ধরা অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল। ইরানের রাস্তায় নেমেছেন এমনই হাজার হাজার মহিলা কম্যান্ডো। হিজাব-বিরোধীদের দমন করাই তাদের একমাত্র লক্ষ্য।
পুলিশি হেফাজতে থাকাকালীন ২২ বছরের তরুণী মাহশা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে গোটা ইরান। গত ১১ দিনের বিক্ষোভে সরকারি বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৭৬ জনের।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, হিজাব না পরার ‘অপরাধে’ মাহশাকে তুলে নিয়ে যায় ইরানের পুলিশ। দুদিন ধরে পুলিশি হেফাজতে তার উপর চলে অকথ্য অত্যাচার। তাতেই মৃত্যু হয় মাহশার।
মাহশার মৃত্যুর প্রতিবাদে ইরানের রাস্তায় বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। হিজাবের বিরোধিতায় হাজার হাজার নারী বিক্ষোভকারী গর্জে উঠেছেন অভিনব প্রতিবাদে। তাদের কেউ মাথা কামিয়ে ফেলেছেন। কেউ বা আবার ইরান সরকারকে ‘একনায়কের’ তকমা দিয়ে মৃত্যুকামনা করে স্লোগান তুলেছেন। পোড়ানো হয়েছে কুশপুতুল, পুলিশের গাড়ি এবং হিজাব। পুলিশকে লক্ষ্য করে ইটপাথরের বৃষ্টিও হয়েছে। বিক্ষোভ চলছে ইরানের অন্তত ৮০টি শহরে। সমাজমাধ্যমের দৌলতে সে ছবি ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।