শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
‘জামায়াতে ইসলামীর সঙ্গে পরকীয়া চলছে’ সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগে বিএনপির সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়া জানিয়ে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিবৃতিতে দলটির নেতারা বলেছেন, ‘টুকুর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত, অশালীন ও কুরুচিপূর্ণ।’
জামায়াতের বিবৃতির প্রতিক্রিয়া টুকু মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দেশ রূপান্তরকে বলেন, ‘সোমবার রাজধানীর হাজারীবাগে বিএনপি সমাবেশে আমার পুরো বক্তব্য ছিল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে, জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে নয়। আমি জামায়াত নিয়ে কিছু বলিনি। বরং তাদের সাপোর্ট করেছি। এ নিয়ে জামায়াত বিবৃতি দিলে তারা অপরিপক্কতার পরিচয় দিয়েছে।’
টুকুর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ‘গত সোমবার বিএনপির এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জামায়াতে ইসলামী সম্পর্কে যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা দেশবাসীকে বিস্মিত করেছে। এটি কোনো রাজনীতিবিদের ভাষা হতে পারে না। তার এ বক্তব্য স্বৈরাচারী শাসনকে প্রলম্বিত করার ক্ষেত্র তৈরি করবে।’
তিনি বলেন, ‘যে মুহূর্তে দেশের সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, সে সময় তার এ বক্তব্য জাতিকে হতাশ করেছে। তার বক্তব্য থেকে প্রতীয়মান হয়, তিনি জনগণের ভাষা বুঝতে অক্ষম এবং তিনি জনগণের ভাষায় কথা বলতে পারেন না।’