শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার- মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত ৯২ বার সময় দিলেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তা দিতে না পারায় ঢাকার একটি আদালত মামলাটির তদন্তকারী সংস্থা র্যাবকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আজ এই তারিখ ঠিক করেন।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি খন্দকার শফিকুল আলম প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন তারিখ দেন।
শের-ই-বাংলা নগর পুলিশ এবং পুলিশের গোয়েন্দা সংস্থার পরে ২০১২ সালের ১৮ এপ্রিল র্যাবকে এই মামলার তদন্ত ভার দেওয়া হয়।
এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। একাধিকবার রিমান্ডে নিয়েও আসামিদের কারও কাছ থেকেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা যায়নি। পরবর্তীতে তানভীর ও পলাশ জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। বাকিরা এখনও কারাগারে।