রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
‘আজ পর্যন্ত আমি গরবা নাচিনি। ডান্ডিয়া করেছি। ‘মাজা মা’ ছবিতে প্রথম গরবা করলাম। এজন্য আমাকে রীতিমতো তালিম নিতে হয়েছে। এটা দারুণ উপভোগ করেছি’Ñ সম্প্রতি ‘মাজা মা’র ট্রেলার মুক্তি অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন বলিউডের ড্যান্স কুইন মাধুরী দীক্ষিত। মাধুরীর মনমাতানো গরবা নাচ দিয়েই শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ছবির অন্য অভিনয়শিল্পীরা গজরাজ রাও, ঋত্বিক ভৌমিক, বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব। আনন্দ তিওয়ারি পরিচালিত ছবির কাহিনী এক গুজরাটি পরিবারকে কেন্দ্র করে। ‘মাজা মা’য় মাধুরীকে দুই সন্তানের মায়ের চরিত্রে দেখা যাবে। সংবাদ সম্মেলনে চরিত্রটি প্রসঙ্গে মাধুরী বলেন, ‘শুধু আমার চরিত্রই নয়, ছবির সব চরিত্রই বাস্তব জীবন থেকে উঠে এসেছে। আমার অভিনীত চরিত্র ‘পল্লবী’র প্রাণোচ্ছলতা আমাকে আকৃষ্ট করেছে। চরিত্রটি খুবই শক্তিশালী। আদর্শ স্ত্রী ও মায়ের চরিত্রে অভিনয় করেছি। ছবির গল্প সবার হৃদয় ছুঁয়ে যাবে। গল্পটি সংবেদনশীল হলেও এর মধ্যে মজার বেশ কিছু মুহূর্ত লুকিয়ে আছে। আমরা চাই, পরিবারের সবাই একসঙ্গে বসে ছবির মজাটা যেন নেয়।’ এই বলিউড তারকা মনে করেন, ‘মাজা মা’র গল্পের মধ্যে সততা আছে। সারা দুনিয়ার দর্শকের কথা মাথায় রেখে ছবির গল্প লেখা হয়েছে। একটা বলিউডি ছবিতে যা যা উপাদান থাকার দরকার, এ ছবিতে তার সবকিছুই আছে।
‘মাজা মা’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ওটিটিতে কাজ প্রসঙ্গে মাধুরী বলেন, ‘এর আগে আমি ‘ফেম গেম’ সিরিজে অভিনয় করেছি। এবার করলাম ওয়েব ফিল্ম। ওটিটি আসার পর চল্লিশোর্ধ্ব নায়িকাদের সামনেও নতুন দরজা খুলে গেছে। ভালো ভালো চরিত্রে সুযোগ পাচ্ছেন তারা।’ তার সময়ের অন্য অভিনেত্রীদের কথা উল্লেখ করে মাধুরী আরও বলেন, ‘আমি বা রাভিনা (ট্যান্ডন), জুহি (চাওলা) যা করছি, সত্যি তা চমকপ্রদ। কারণ, আমরা আরও আগে এগোচ্ছি। আর পর্দায় আমরা সততার সঙ্গে কাজ করছি।’
‘মাজা মা’তে মাধুরীর স্বামীর চরিত্রে দেখা যাবে বলিউডের শক্তিশালী অভিনেতা গজরাজ রাওকে। মাধুরীকে ‘গুরু’ সম্বোধন করে এদিন তিনি বলেন, ‘গুরুকে চোখের সামনে কাজ করতে দেখার অভিজ্ঞতাই আলাদা। খুব কম মানুষের জীবনে সেই সৌভাগ্য হয়। কিন্তু আমার সেই সৌভাগ্য হয়েছিল।’ ছবিটি ৬ অক্টোবর আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।
এদিকে মাধুরী দিক্ষিত এখন ব্যস্ত নাচের জনপ্রিয় রিয়েলিটি শো ঝলক দিক লাজার বিচারকাজ নিয়ে। শুরু থেকেই এই শোটির বিচারকের দায়িত্ব পালন করছেন এই বলিউড ডিভা। এই শোতে বলিউড ও টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকারা অংশ নেন।