সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে সারা দেশে ১৮২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৬৯ জন মারা গেছেন, যা মোট নিহতের ৩৫ দশমিক ৫০ শতাংশ। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
সোমবার (৩ অক্টোবর) প্রতিবেদনটি গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে পাঠানো হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানিয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের হিসেবে, গেল সেপ্টেম্বরে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪০৭টি। এসব দুর্ঘটনায় ৪৭৬ জন নিহত এবং ৭৯৪ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে আছেন ৬২নারী ও ৭৭ শিশু। একই সময়ে নয়টি নৌ দুর্ঘটনায় ৭৮ জন নিহত এবং ৩ জন নিখোঁজ হয়েছেন। আর রেলপথে ২১টি দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় গত আগস্ট মাসে ৫১৯ জন নিহত হয়েছিল। গড়ে প্রতিদিন নিহত হয়েছিল ১৬ দশমিক ৭৪ জন। সেপ্টেম্বর মাসে প্রতিদিন নিহত হয়েছে ১৫ দশমিক ৮৬ জন। এই হিসেবে সেপ্টেম্বর মাসে প্রাণহানি কমেছে ৫ দশমিক ২৫ শতাংশ। তবে প্রাণহানি হ্রাসের এই মাত্রা কোনো টেকসই উন্নতির সূচক নির্দেশ করছে না।