মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
রাশিয়ায় অন্তর্ভূক্ত খেরসনের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। এরই মধ্যে দিনিপ্রো নদীর পশ্চিম তীরের কয়েকটি এলাকা দখলমুক্ত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। বিষয়টি স্বীকার করেছে অঞ্চলটির রুশ সমর্থিত প্রশাসনিক প্রধান। এতে ইউক্রেনীয় বাহিনী একদিনে প্রায় ৪০ কিলোমিটার অগ্রসর হলো।
রাশিয়ার অন্তর্ভুক্ত চার অঞ্চলের একটি খেরসন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার দুদিন না পেরোতেই সেখানে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসরের খবর এল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, ইউক্রেনীয় সেনাবাহিনী খেরসনে মস্কোর প্রতিরক্ষা লাইনের ভেতরে প্রবেশ করেছে। একইসাথে ইউক্রেনীয় সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেন তিনি।
রুশ এই মুখপাত্র আরও বলেন, শত্রুরা আমাদের প্রতিরক্ষা লাইনের দিকে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করেছে। সেখানে প্রতিরক্ষামূলক অবস্থান নিয়ে ব্যাপক গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এতে ওই এলাকায় ১৩০ ইউক্রেনীয় সেনা নিহত ও ২৩টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।
একইসাথে দোনেৎস্কের লিমান শহরে নিজেদের সামরিক অভিযান নিয়ে জানান তিনি।
তিনি বলেন, লিমানের দিকে শত্রুর মজুত ও ইউক্রেনীয় বাহিনীর ব্রিগেড ইউনিটে ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে। ২৪ ঘণ্টায় ৬টি সাঁজোয়া যান ও দুটি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে। তিন দিনে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে।
ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পর প্রথম দক্ষিণাঞ্চলে এত দ্রুত এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এতে অবরুদ্ধ হওয়ার হুমকিতে পড়েছে কয়েক হাজার রুশ সেনা।
এরআগে, রুশ বাহিনীর হাত থেকে খেরসনের দুইটি এলাকা পুনরুদ্ধারের দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তার দেশের সেনাদের সাফল্য কেবল দোনেৎস্ক অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না।