রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শারদীয় দুর্গোৎসবের মহানবমী মহাসমারোহে উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দুর্গা দেবীর মহানবমীবিহিত পূজা-অর্চনা, ব্রতোপবাস ও যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবমী আচার পালিত হয়। আজ বুধবার বিজয়া দশমী।
পাঁচ দিনের পূজা ও ভক্তের বন্দনা গ্রহণ শেষে দেবী দুর্গা মর্ত্যলোক থেকে ফিরে যাচ্ছেন কৈলাসে। ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে দেবীকে বিদায়ের করুণ সুর। গতকাল মন্ডপে মন্ডপে চণ্ডী ও মন্ত্রপাঠ, ঢাকের বোল, উলু ও শঙ্খধনি, কাঁসরের তালে পূজার মধ্য দিয়ে মহানবমী উদযাপিত হয়। মণ্ডপগুলোতে ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
পূজা-অর্চনা ও আরাধনার পাশাপাশি আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল মণ্ডপগুলোতে। কৃপা লাভের আশায় দেবী দুর্গার উদ্দেশে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা।
আজ সকালে হবে দশমীবিহিত পূজা ও দেবীর দর্পণ বিসর্জন। এরপর বিকেলে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের পাঁচ দিনের আনুষ্ঠানিকতা, যা শুরু হয়েছিল গত শনিবার ষষ্ঠী তিথিতে বেলতলায় (বিল্ব বৃক্ষ) ষষ্ঠীবিহিত পূজার পর দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে। এরপর রবিবার মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী ও গতকাল মহানবমী উদযাপিত হয়।
বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও স্যাটেলাইট টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এ ছাড়া সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা জানান, করোনাভাইরাস মহামারীর কারণে বিজয়া দশমীতে শোভাযাত্রা হয়নি। এবার ঢাকায় আজ বেলা ৩টায় শোভাযাত্রা শুরু হবে। এরপর প্রতিমা বিসর্জন হবে। এ ছাড়া দেশের বিভাগীয়, জেলা ও বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা সহযোগে প্রতিমা নিরঞ্জন হবে।
সারা দেশের পূজামণ্ডপ কমিটিগুলোকে সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করতে বার্তা দেওয়া হয়েছে বলে জানান নেতারা।
ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নরেন মণ্ডল দেশ রূপান্তরকে বলেন, আজ সকালে জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে বিজয়া দশমী উপলক্ষে রক্তদান কর্মসূচি হবে। এরপর বিকেলে শোভাযাত্রাসহ বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন করা হবে।
পূজা উদযাপন পরিষদের হিসাবে এবার রাজধানীসহ সারা দেশে ৩২ হাজার ১৬৮ স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। গত বছরের চেয়ে এবার পূজামন্ডপ বেড়েছে ৫০টি। ঢাকায় পূজা হচ্ছে ২৪১টি মণ্ডপে।