মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে উন্নত পরমাণু যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

বিশ্বের সবচেয়ে উন্নত পরমাণু চালিত যুদ্ধজাহাজ মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের এই যুদ্ধজাহাজ আটলান্টিক মহাসাগরে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর স্ট্রাইক কোরের অংশ হিসেবে কাজ করবে।

পূর্ণশক্তি নিয়ে আটলান্টিক মহাসাগরে পাড়ি জমালো যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তিসম্পন্ন যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড।

১ হাজার ৩০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের ৩৮তম প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের নামে নামকরণ করা হয়েছে ।

৩৩৭ মিটার দীর্ঘ এবং এক লাখ টন ওজনের এই যুদ্ধজাহাজে ৭৫টিরও বেশি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার রাখার ব্যবস্থা রয়েছে। বিমানবাহী রণতরীটির ফ্লাইট ডেকের প্রস্থ প্রায় ৭৮ মিটার। তাতে রয়েছে দুটি রানওয়ে।

দুটি পরমাণু চুল্লিবিশিষ্ট এই যুদ্ধজাহাজ বেশ কয়েক বছর ধরে টানা সমুদ্রে থাকতে পারে। ওই সময়ের মধ্যে জ্বালানির জন্য কোনও বন্দরে ভিড়তে হবে না ফোর্ডকে। বিমান উড্ডয়ন আরও সহজ এবং দ্রুততর করতে ক্যাটাপুল্ট সিস্টেমের পরিবর্তে এতে ব্যবহার হবে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম।

এক লাখ টন ওজন নিয়েও ঘণ্টায় ৩০ নটিক্যাল মাইল গতিবেগে ছুটতে পারে ইউএসএস জেরাল্ড ফোর্ড। এতে থাকতে পারেন ৯ হাজারেরও বেশি সদস্য।

২০০৯ সালে শুরু হয় এর নির্মাণ কাজ। চার বছরেরও বেশি সময় ধরে চলে ইউএসএস জেরাল্ড ফোর্ড নির্মাণের কাজ। ২০১৩ সালের অক্টোবরে প্রথম পানিতে ভাসে বিশালাকৃতির এই যুদ্ধজাহাজ।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে আগামী ৬ মাস মিত্রদের সাথে আটলান্টিক এবং ভূমধ্যসাগরে মহড়া চালাবে ফোর্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com