রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার বিলে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে পার্লামেন্টও এই বিলের অনুমোদন দেয়। এমন পরিস্থিতিতে পুতিনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা বাতিল করে একটি ডিক্রিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে ইউক্রেনের চার অঞ্চল, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরঝিয়া। গণভোটে বিজয় দাবি করে শুক্রবার এই অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
অনুমোদন পেলেও আনুষ্ঠানিকভাবে নতুন অঞ্চলগুলোর সীমানা চিহ্নিত করেনি ক্রেমলিন। চার অঞ্চলের কোনোটিতেই রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ নেই।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত নতুন মানচিত্রে দেখা গেছে, ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে রুশ সেনাদের। ওই অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বাহিনীর তীব্র চাপের মুখে আছে তারা।
পুনর্দখলকৃত দোনেৎস্কের গুরুত্বপূর্ণ লিমান শহরের রাস্তায় রাস্তায় রুশ সেনাদের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, পুতিনের ডাকে সাড়া দিয়ে এখন পর্যন্ত সেনাবাহিনীতে যুক্ত হয়েছেন দুই লাখের বেশি নাগরিক। ইউক্রেনে মোতায়েনের আগে তাদের ৮০টি ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ দেওয়া হবে বলেন তিনি। ২১ সেপ্টেম্বর আংশিক সেনা সমাবেশে যুক্ত হতে সাধারণ মানুষকে নির্দেশ দেন পুতিন।