শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করে ডিজেলের দাম কমানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। সোমবার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এ চিঠিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে স্থানীয় বাজারে ডিজেলের দাম সমন্বয় করার অনুরোধ জানানো হয়।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে এখনো সমন্বয় করা হয়নি। ফলে কারখানা মালিকদের বেশি দামে ডিজেল কিনে উৎপাদন চালাতে হচ্ছে। এ অবস্থায় অনেকেই কাজ চালিয়ে যেতে সমস্যায় পড়ছেন।
ফারুক হাসান স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, সব কিছু বিবেচনা করে যেহেতু বিশ্ববাজারে ডিজেলের দাম কমেছে। তাই দ্রুত আমাদের দেশেও ডিজেলের দাম সমন্বয় করে আগের দাম আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছি। এতে পোশাক খাতের পাশাপাশি সাধারণ মানুষও স্বস্তি পাবেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়, গত বছর প্রতি লিটার ডিজেল ৮০ টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু এ বছর দেশের বাজারে বিক্রি হচ্ছে ১০৯ টাকায়। লোডশেডিংয়ের ক্ষতি থেকে রক্ষা পেতে অনেক কারখানাই ডিজেল দিয়ে চলছে।
ডিজেলের দাম কমানো হলে ব্যবসায়ীরা উপকৃত হবে এবং প্রবৃদ্ধি ধরে রাখা সহজ হবে বলেও বিজিএমইএ’র সভাপতি উল্লেখ করেন।