মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
বাংলাদেশের বৈরি প্রতিবেশী মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে অস্ত্র সরবরাহ করার জন্য চীন পাকিস্তানকে বেছে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনই বলা হয়েছে থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক নিবন্ধে। ইয়ান নাইঙ ছদ্মনামে চীন-মিয়ানমার বিষয়ক এক রাজনৈতিক বিশ্লেষক লিখেছেন ওই নিবন্ধ।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে ব্যাপক চীনবিরোধী বিক্ষোভ-মিছিল সংঘটিত হয়। দেশটির বিরাট একটি অংশ মনে করে, জান্তা সরকারকে সমর্থন দিচ্ছে বেইজিং। এই মনোভাব বুঝতে পেরে চীন দেশটির সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেই সঙ্গে তলে তলে সামরিক জান্তার সঙ্গেও যোগাযোগ রাখছে।
চীন রাশিয়ার মতো খোলাখুলি মিয়ানমারের জান্তা বাহিনীকে সমর্থন কিংবা অস্ত্রসহায়তাও দিতে পারে না। এমনকি জান্তা বাহিনীকে দেওয়া চীনা সহায়তা পশ্চিমাদের গোয়েন্দা নজরদারিতে রয়েছে। সে ক্ষেত্রে গোয়েন্দা সূত্রগুলো বলছে, মিয়ানমারের জান্তা বাহিনীর কাছে অস্ত্র বিক্রি করতে পাকিস্তানের সহায়তা নিতে পারে বেইজিং।
সম্প্রতি মায়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং বেশ কয়েক দফা রাশিয়া সফর করেছেন। দেশটির কাছ থেকে যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র কিনেছেন। বেইজিং বিষয়টিকে মায়ানমারে নিজেদের অস্ত্রের বাজার হারানোর ঝুঁকি হিসেবে দেখছে। চীনের এই উদ্বেগের মধ্যে জান্তা সরকারকে নিরাপত্তা ইস্যুতে সামরিক সহযোগিতা দিতে চীনের হয়ে গোপনে এগিয়ে এসেছে পাকিস্তান।