মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

মালয়েশিয়াকে গুড়িয়ে জয়ে ফিরলো টাইগ্রেসরা

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে বড় হারের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে গুড়িয়ে বড় ব্যবধানে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। সিলেটে মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৩০ রানের টার্গেটে ৪১ রানে অলআউট হয় মালয়েশিয়া।
টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম বলেই আউট হন শামীমা। এরপর ফারজানার সাথে ৩৪ রানের জুটি গড়েন মুর্শিদা। ফারজানা ফেরেন ১০ রান কোরে। নিগার সুলতানা ও মুর্শিদা দুজনেই তুলেছেন ফিফটি। এই জুটিতে চ্যালেঞ্জিং টোটাল বাংলাদেশের।

জবাবে, টাইগ্রেস বোলিং আক্রমণে বিধ্বস্ত মালয়েশিয়া। টি-টোয়েন্টি অভিষেকে হ্যাটট্রিক করে আলো কাড়েন পেইসার ফারিহা তৃষ্ণা। ফাহিমা, মেঘলা ও রুমানার স্পিনে মাত্র ৪১ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ। তিনজনই নিয়েছেন দুটি করে উইকেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে ফারিহা-রুমানাদের বোলিংয়ে বিধ্বস্ত হয় মালয়েশিয়া। ইনিংসের তখন ষষ্ঠ ওভার। অভিষিক্ত ফারিহা করতে আসেন নিজের তৃতীয় ওভার। প্রথম বলে এক রান দেন তিনি। দ্বিতীয় বলেই তুলে নেন উইনিফ্রেড দুরাইসিংগামের উইকেট। ৫ রানে সরাসরি বোল্ড আউট হন এ ওপেনার। ফারিহার তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন মাস এলিসা।

ওভারের চতুর্থ বলে ওভার দ্য উইকেট থেকে ফারিহা দুর্দান্ত এক ইন-সুইঙ্গারে ফিরিয়ে দেন সবে ক্রিজে নামা ইজ্জাতি ইসমাইলকে। গোল্ডেন ডাক দিয়ে ফিরে যান মালয়েশিয়ার ব্যাটার। ফারিহা পরের দুই বলে আর কোনো রান খরচ করেননি।

টাইগ্রেসদের বোলিং তোপে মালয়েশিয়ার কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করে ‍তুলেন নুর আরিয়ানা ও এলসা হান্টার। বাকিদের মধ্যে হামিজাহ হাশিম ৮, উইনিফ্রেপ দুরাইসিংগাম ৫, আইনা নাওজা ৫ ও শাশা আজমি ৪ রান করেন। শূন্য রানে আউট হন দলটির পাঁচ ব্যাটার।

এর আগে, ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে টাইগ্রেসরা। শুরুতে ব্যাট করতে নেমে মন্থর ব্যাটিংয়ে চাপেই ছিল নিগার সুলতানা জ্যোতি বাহিনী। ১৪ ওভার শেষে রান ছিল মাত্র ৬৯, যদিও তখনো হাতে ছিল ৮ উইকেট।

এরপর মুর্শিদা খাতুন আর নিগার সুলতানা জ্যোতি মিলে দলকে সম্মানজনক লক্ষ্য এনে দেন। দুজনই ফিফটি তুলে নেন। তৃতীয় উইকেটে ৬৩ বলে ৮৭ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন তারা। ৩৪ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন মুর্শিদা। অধিনায়ক নিগার সুলতানা ৫৪ বলে ৬ চারের সাহায্যে ৫৬ রান করেন।

তিন ম্যাচে দুই জয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান স্বাগতিকদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com