শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ভোটের আগে মাঠের সার্বিক অবস্থা জানতে চায় নির্বাচন কমিশন। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির উদ্যোগও নিচ্ছে তারা। এসব নিয়েই ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় এ বৈঠক।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বর্তমান কমিশন গঠন হওয়ার পর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৃহৎ পরিসরে প্রথম এ বৈঠক হতে যাচ্ছে।
এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পুলিশের মহাপরিদর্শকেরও অংশ নেয়ার কথা রয়েছে। এই বৈঠকে প্রশাসনকে কড়া বার্তা দিতে চায় ইসি। বিশেষ করে হয়রানিমূলক মামলা বন্ধের নির্দেশনাও দেয়া হতে পারে।
নির্বাচন কমিশন বলছে, নির্বাচন পরিচালনা করতে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো উত্তরণের পথ বের করতে মতবিনিময় করবে ইসি। নির্বাচন পরিচালনায় জেলা ও পুলিশ প্রশাসনের সম্পৃক্ততা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও সামনে জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচন আছে।
এরই মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএমে ভোটের সিদ্ধান্তও নিয়েছে তারা।
কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসির অধীনে ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের জানুয়ারি সংসদ নির্বাচন হবে। এর আগে স্থানীয় সরকারের অনেক নির্বাচনও রয়েছে।