রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
যমজ পুত্রসন্তানের মা-বাবা হলেন দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার নয়নতারা ও পরিচালক ভিগনেশ শিবান। গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবর শেয়ার করলেন নয়নতারার স্বামী ভিগনেশ। টুইটারে তিনি লিখেছেন, ‘নয়ন এবং আমি আম্মা আর আপ্পা হলাম। যমজ পুত্রসন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সব প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো, তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আশীর্বাদ চাই।’ একই পোস্টে ভিগনেশ জানিয়েছেন নবজাতকের নাম যথাক্রমে উইর ও উলাগাম। তামিল ভাষায় উইর মানে জীবন আর উলাগাম মানে পৃথিবী। পোস্ট করা ছবিতে শিবান ও নয়নতারাকে দুই সন্তানের পায়ে চুমু খেতে দেখা যাচ্ছে। নিজেদের সন্তানদের জন্ম সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি ভিগনেশ। নেট দুনিয়ায় অনেকেই বলাবলি করছে সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন নবদম্পতি, তবে বিষয়টি স্পষ্ট নয়।
নয়নতারা ও ভিগনেশ দীর্ঘদিন একসঙ্গে থাকতেন। ৯ জুন ভারতের মহাবলীপুরমের শেরাটন পার্ক রিসোর্টে পরিণতি পায় এই প্রেমের গল্প। সেই বিয়ের আসরে হাজির ছিলেন শাহরুখ খান, রজনীকান্ত, বিজয় সেতুপতি, মণিরতœম, সূর্যা, আনন্দ শঙ্কর, নির্মাতা অ্যাটলি কুমার, প্রযোজক বনি কাপুরসহ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার অনেক তারকা। ২০০৩ সালে ১৯ বছর বয়সে মালয়ালম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নয়নতারার। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রিটি হানড্রেড তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শ্যুটিং সেটে পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে প্রেমে জড়ান নয়নতারা। তার পরের গল্প অনেকেরই জানা। অন্যদের মতো কোনো রাখঢাকের মধ্যে যাননি এই যুগল। শিগগিরই নয়নতারাকে দেখা যাবে অ্যাটলির ‘জওয়ান’ ছবিতে, যেখানে তার বিপরীতে আছেন বলিউড তারকা শাহরুখ খান।