রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
মুক্তির আগেই আয় দ্বিগুণ
বলিউডকে টেক্কা দিয়ে বক্স অফিসে এখন জমজমাট ব্যবসা করছে দক্ষিণ ভারতের ছবি। গত তিন মাস অনেক বড় বাজেটের বলিউড ছবি ডাহা ফ্লপ করলেও ‘কার্তিকিয়া ২’, ‘সীতা রামম’-এর মতো অল্প বাজেটের ছবি সুপারহিট হয়েছে। এবার মুক্তির ছয় মাস আগেই দ্বিগুণ আয় করল তেলেগু ছবি ‘দশরা’। শ্রীকান্ত ওডেলা পরিচালিত ছবিটিতে অভিনয় করছেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নানি। অ্যাকশন-ড্রামা ঘরানার এ ছবিতে তার বিপরীতে সামান্থা রুথ প্রভুর অভিনয় করার কথা ছিল। তিনি প্রস্তাব ফিরিয়ে দিলে এই চরিত্রে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী কীর্তি সুরেশ। আগামী বছরের ৩০ মার্চ ছবিটি মুক্তির পাবে। ছবির শ্যুটিং এখনো শেষ হয়নি। তার আগেই ৫০ কোটি রুপি বাজেটের ছবিটি ১০০ কোটি রুপি আয় করে ফেলেছে! ছবিটির ফার্স্ট লুক প্রকাশের পর একটি ওটিটি প্ল্যাটফর্ম ৩০ কোটি রুপিতে ‘দশরা’র স্বত্ব কেনে। তেলেগু ভাষায় নির্মিত ছবিটি অন্য ভাষায় স্বত্ব বিক্রি থেকে আয় করেছে প্রায় ১০ কোটি রুপি। এ ছাড়া টিভি স্বত্ব বিক্রি হয়েছে ২০ কোটি রুপিতে। তেলেগু রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ৪০ কোটি রুপিতে বিক্রি করেছে ছবিটি। যার মোট আয় দাঁড়ায় ১০০ কোটি রুপি। ভারতের তেলিঙ্গানা রাজ্যের গোদাবরিখানি গ্রামে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। পরিচালক শ্রীকান্ত ওডেলা এই অঞ্চলেরই বাসিন্দা। ‘দশরা’ ছবির শ্যুটিংয়ের জন্য হায়দরাবাদের কাছে একটি গ্রামে ১২ একর জায়গাজুড়ে একটি সেটটি তৈরি করা হয়েছে। এই সেট নির্মাণে খরচ হয়েছিল প্রায় ১১ কোটি রুপি।
চিত্রনাট্য লিখছেন শাহরুখপুত্র
ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনেই কাজ করতে চান শাহরুখপুত্র আরিয়ান খান। একদা এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন বলিউড ‘বাদশা’। এবার সেই পথেই হাঁটতে যাচ্ছেন এই স্টারকিড! জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্মের একটি ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখছেন আরিয়ান। ই-টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গেছে, আরিয়ানের সঙ্গে সহ-চিত্রনাট্যকার হিসেবে হাত মিলিয়েছেন বিলাল সিদ্দিকী। যিনি নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘বার্ড অব ব্লাড’-এর সঙ্গে যুক্ত ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরের শেষেই এই ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হবে। পাশাপাশি বেশ কয়েকজন অভিনেতা ওয়েব সিরিজটির জন্য অডিশন দিয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে গত এপ্রিল মাসে জানা গিয়েছিল, আমাজন প্রাইম ভিডিওর একটি ওয়েব সিরিজে কাজ করবেন আরিয়ান। যদিও সেটি নিয়ে পরে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে ধারণা করা হচ্ছে, এটিই সেই প্রজেক্ট। আরিয়ানের প্রসঙ্গে শাহরুখ এক সাক্ষাৎকারে জানান, চার বছর ধরে লেখালেখি, পরিচালনাসহ অন্যান্য কাজ শিখেছেন আরিয়ান। এ ছাড়া সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ফিল্ম-সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনার জন্য বড় ডিগ্রিও আরিয়ানের ঝুলিতে রয়েছে বলে জানিয়েছেন শাহরুখ।