শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো বাধাই আমরা মানবো না এবং দেশের মানুষও মানবে না। চট্টগ্রাম, জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ের সমাবেশ দিয়ে সেটা প্রমাণিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে যে, বাংলাদেশ এখন একনায়কতন্ত্র দেশ হয়ে গেছে। এটা গণতান্ত্রিক দেশ নয়। এই পরিস্থিতিতে লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি হিসেবে এর মধ্যেই যতটা সম্ভব কাজ করার চেষ্টা করেছি। গত ২-৩ মাস ধরে আমরা যে আন্দোলনগুলো করছি, প্রত্যেকটা আন্দোলনই অত্যন্ত জনসম্পৃক্ত। আমরা আন্দোলন করছি, জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের সমস্যাগুলো নিয়ে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবিতে, আমাদের অধিকারগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করছি।
তিনি বলেন, সারা দেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি নিয়ে গেছি। দ্বিতীয় ধাপে আমরা বিভাগীয় সমাবেশ করছি। ইতিমধ্যে চট্টগ্রামের সমাবেশ শান্তিপূর্ণভাবে আমরা শেষ করেছি। যদিও ওই সমাবেশে আসার পথে পথে আমাদের নেতা-কর্মীদের আক্রমণ করা হয়েছে। গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এমনকি গ্রেপ্তারও করা হয়েছে। আমাদের এই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আমাদের ৪ জন নিহত হয়েছেন। পরবর্তীতে যশোরের একজনকে আওয়ামী দুর্বৃত্তরা নির্যাতন করে হত্যা করেছে। সেগুলোকে কেন্দ্র করে অথবা তারাই গোলযোগ তৈরি করে সেটাকে কেন্দ্র করে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় আমাদের আসামির সংখ্যা নতুন করে ২৫ হাজার ছাড়িয়ে গেছে।