শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শীতের ‘পূর্বাভাসের’ মধ্যে দিয়ে হেমন্তের শুরু হয়েছে। কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস মিলে যে ঋতু প্রতি বছর আমাদের দেশে আসে সে ঋতুকে আমরা হেমন্ত নামে জানি। এসময় দিগন্ত জুড়ে এখন ধানের প্রাচুর্য। হলুদে-সবুজে একাকার অপরূপ প্রকৃতি। চারদিকে ধূসর আবহ ঘিরে রাখছে। শেষ বিকালে কুয়াশার আবছা চাদর প্রকৃতিকে ঢেকে শিশিরের শব্দের মতো নামছে সন্ধ্যা।
‘হেমন্ত তার শিশির ভেজা/ আঁচল তলে শিউলি বোঁটায়, চুপে চুপে রং মাখাল/ আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়/…।’ সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লেখে/কোন্ পাথারের ওপার থেকে/ আনল ডেকে হেমন্তকে .. আবহমান বাংলায় ষড় ঋতুর পরিক্রমায় এলো হেমন্ত।
বাংলা বর্ষপঞ্জির কার্তিক ও অগ্রহায়ণ মাসব্যাপী। অর্থাৎ ১৭ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নতুন ঋতুর আগমনে রূপ বদলায় প্রকৃতি। হেমন্তকে বলা হয় শীতের বাহন। প্রকৃতিতে অনুভূত হচ্ছে ঈষত্ শীতার্ত আমেজ। দিনে তাতানো রোদ্দুর থাকলেও শেষ রাতে কুয়াশা ঘিরে রাখছে উত্তরের অনেক জনপদ। গ্রামীণ জনপদে এখন হিম হিম অনুভব।