রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

ডেঙ্গু নিয়ে হাসপাতাল ও অধিদপ্তরের তথ্যে গরমিল

হাসপাতাল থেকে ডেঙ্গুর তথ্য নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। অথচ হাসপাতালের রোগী ও মৃত্যুর সংখ্যার চেয়ে অধিদপ্তর দেখাচ্ছে কম। এটা কি ভুল না তথ্য বিভ্রাট তা নিশ্চিত নয় কর্তৃপক্ষ। চোখে আঙুল দিয়ে দেখানোর পর অধিদপ্তর যাচাই-বাছাইয়ের পদক্ষেপ নিচ্ছে।

রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে পয়লা জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৬৩০ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। আর মারা গেছে ১১ শিশু। তবে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়ে ভর্তি হয়েছে ৬১৮ জন আর মারা গেছে ৮ শিশু। ১৬ অক্টোবর আরও এক শিশুর মৃত্যুর খবর দিয়েছে।

ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল ও মুগদা শাখায় ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তি হয়েছে ৭৬৬ ডেঙ্গুরোগী। অথচ স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ৬৭৯ জন। মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৪৮৫ জন, মারা গেছে ১০ জন। কিন্তু অধিদপ্তরের হিসাবে রোগী ১ হাজার ৫০৬ জন।

তথ্যের গড়মিলের বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে অধিদপ্তর। কর্তৃপক্ষ বলছে, সার্ভারে ডেটা তোলার ক্ষেত্রে ভুল হচ্ছে কিনা তাও খুঁজে দেখা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচলক অধ্যাপক নাজমুল ইসলাম জানান, তথ্য বিভ্রাটের বিষয়টি যাচাই-বাছাই করে দেখে সঠিক তথ্যটি প্রকাশ করা হবে।

৫১ টি হাসপাতালে ডেঙ্গুর তথ্য নেয় স্বাস্থ্য অধিদপ্তর। আরও হাসপাতাল যোগ করার পাশাপাশি তথ্য বিভ্রাট দূর করার পদক্ষেপ নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com