মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছয়শ ছাড়াল

গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নাইজেরিয়া। জুলাই থেকে শুরু হওয়া এ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। গৃহহীন অবস্থায় প্রায় ১৩ লাখ বাসিন্দা। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখের বেশি ঘর-বাড়ি।

নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বন্যা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলছেন, সতর্কতা সত্ত্বেও অনেক রাজ্যে সঠিক প্রস্তুতি গ্রহণ করা হয়নি। অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত এবং জলবায়ু পরিবর্তনের জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে নাইজেরিয়া সরকার।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল পরিকল্পনা ও প্রস্তুতির ঘাটতি থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বন্যাকবলিত অঞ্চলগুলোতে খাদ্য ও জ্বালানি সরবরাহ করা একেবারেই সম্ভব হচ্ছে না। ভারি বৃষ্টিতে নাইজেরিয়ার ৩৬টির মধ্যে ২৭টি প্রদেশই বন্যার কবলে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১৪ লাখ মানুষ।

দেশটির আবহাওয়া দফতর জানায়, গ্রীষ্মের শুরুতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বন্যা পরিস্থিতির এত অবনতি হয়েছে।

অন্যদিকে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভিয়েতনামের মধ্যাঞ্চলের দা নাং শহর। পানির নিচে শহরটির বেশিরভাগ এলাকা। গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশটির পর্যটক শহর নামে খ্যাত দা নাং।

দ্রুতগতিতে পানির উচ্চতা বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। এ ছাড়া বাড়িতে আটকে পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com