রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

চোখের পানিতে শাহরিয়ারকে শেষ বিদায়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলের বারান্দা থেকে পড়ে গিয়ে নিহত শিক্ষার্থী শাহরিয়ারের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ লাশবাহী গাড়িতে গ্রামের বাড়ি দিনাজপুরের বিরলের উদ্দেশে রওনা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন শাহরিয়ারের সহপাঠীরা।

জানাজায় নিহত শাহরিয়ারের বড় ভাই গোলাম শাহরিয়ার সাকি বলেন, আমার স্নেহের ভাইয়ের কফিনের যে ওজন তা নিতে পারব কিনা জানি না। তাকে সবাই ক্ষমা করে দেবেন। তার সহপাঠী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা তাকে এভাবে ভালোবাসা ও সহানুভূতি প্রদানের জন্য। আমার ভাই এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা শোক কাটিয়ে উঠতে পারি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, মানুষের মৃত্যু অবধারিত। তবে এভাবে আমার ছাত্রের মৃত্যু, শিক্ষক হিসেবে তা কখনোই চাই না। ওর আচরণে কেউ কষ্ট পেলে তাকে ক্ষমা করে দেবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ যে কোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে আহত হন শাহরিয়ার। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com