শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিল্পী চন্দন সিনহা। স্বপ্ন ছিল বলিউডে গান করার। আর এর জন্য বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন। কিন্তু সে স্বপ্ন পূরণ না হওয়াতে চলে আসেন দেশে।
সখ্য হয় প্রয়াত নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের সাথে। চলচ্চিত্র ও নাটকে তাঁর সঙ্গে বেশকিছু গান করেন চন্দন।
২০১৩ সালে ‘নিঃস্ব’ শিরোনামের গানের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এ গানটি ব্যবহৃত হয়েছিল শাকিব খান ও জয়া আহসান অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ নামে একটি সিনেমায়।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে গত ১০ বছরের সেরা চলচ্চিত্রের গান হিসেবে শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেলেন। অর্থাৎ ২০১২ থেকে ২০২২ এর মধ্যে চলচ্চিত্রের গান হিসেবে চন্দন সিনহা ‘নিঃস্ব’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন। একই গানের গীতিকার হিসেবে কবির বকুল ও সুরকার হিসেবে তাপস পুরস্কার পেয়েছেন।
বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত গায়ক। বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে বললেন, ‘গত ১০ বছরের সেরা গান হিসেবে নির্বাচিত হয়েছে আমার গাওয়া, এটা আমার জন্য ভীষণ আনন্দের। কেননা এই স্বীকৃতির মাধ্যমে আমি অনুমান করতে পারি আমি নিঃস্ব হয়ে যাব- গানটি মানুষ এখনো ঠোঁটে ঠোঁটে সুরের সঙ্গে বহন করছে। ’
চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ঔষাধালয় পরিবারে চন্দন সিনহার জন্ম। ছোটবেলাতেই পারিবারিকভাবে গানের সঙ্গে বেড়ে উঠেছেন, শৈশবেই সংগীত রক্তে মিশে গিয়েছিল। স্বপ্ন দেখতেন বড় হয়ে অনেক নামী শিল্পী হবেন। সে চেষ্টা করেছিলেন ১৯৯৪ সালে প্রয়াত নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ‘শীর্ষবিন্দু’ নামে ধারাবাহিকে টাইটেল সংগীতে কণ্ঠ দেন। বিটিভিতে প্রচারিত ধারাবাহিকটির সঙ্গে টাইটেল সংগীত ‘পৃথিবীর এই খেলাঘরে’ তুমুল জনপ্রিয় পায়।
জানা গেছে, এই গানের মাধ্যমেই বিটিভির ধারাবাহিকে টাইটেল সংগীতের প্রচলন ঘটে। আর এই ধারাবাহিকের মাধ্যমেই ঈশিতার অভিনয়শিল্পী হিসেবে অভিষেক ঘটে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি একে একে নেপথ্যে অজস্র নাটক গানে কণ্ঠ দিয়ে গেছেন তিনি।
সম্প্রতি পূজা চেরী অভিনীত হৃদিতা চলচ্চিত্রেও চন্দন সিনহার গাওয়া ‘ঠিকানাবিহীন’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়।