রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
যদি, কিন্তু, হয়তো- এসব ধোঁয়াশার পরে অবশেষে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপারহিরো হিসেবে পর্দায় ফিরে আসছেন হেনরি ক্যাভিল। একটি নতুন প্রতিবেদনে জানা গেছে যে ব্রিটিশ অভিনেতা আবারও লাল এবং নীল ক্যাপড পোশাক পরিধান করবেন এবং তাঁর ২০১৩ সালের চলচ্চিত্র ‘ম্যান অব স্টিল’র সিক্যুয়েলে সুপারম্যানের ভূমিকায় আবার অভিনয় করবেন।
প্রতিবেদন অনুসারে নির্মাতারা বর্তমানে হেনরিকে মাথায় রেখেই ফিল্মটি তৈরি করছেন এবং এটি বৃহত্তর ‘ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স’-এর একটি অংশ। প্রতিবেদনে বলা হয়েছে যে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শীর্ষস্থানীয় সিইও ডেভিড জাসলাভ এবং ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের প্রধান মাইকেল ডি লুকা এবং পাম আবডি, ‘সুপারম্যান’-এ ক্যাভিলকে ফিরিয়ে আনার তীব্র আকাঙ্ক্ষা দেখিয়েছেন।
জ্যাক স্নাইডার পরিচালিত ম্যান অব স্টিল-এ ‘সুপারম্যান’ ক্লার্ক কেন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন হেনরি। ফিল্মটি ‘ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স’-এর এক নতুন ভিত্তি স্থাপন করেছিল। এরপর হেনরি ২০১৬ সালে ‘ব্যাটম্যান বনাম সুপারম্যান : ডন অব জাস্টিস এবং ২০১৭ সালে ‘জাস্টিস লিগ’-এ সুপারম্যান হিসেবে পর্দায় এসেছেন।
তবে ‘ডিসিইইউ’ থেকে জ্যাক স্নাইডার চলে গেলে এবং স্টুডিও ওয়ার্নার ব্রোস ‘ফ্র্যাঞ্চাইজিটি’র ভবিষ্যৎ সম্পর্কে নিজেদের ভাবনা পরিবর্তন করলে হেনরিও শান্তভাবে এই ইউনিভার্স থেকে বেরিয়ে যান। ভক্তরা তাঁকে ফিরে আসার আহ্বান জানালেও সাম্প্রতিক সময়ে সেটি প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছিল।